ঝাড়গ্রাম জেলার ছাগল পালকদের নিয়ে ছাগ ও কৃষি উৎপাদক সংস্থা (FPO) গঠনের প্রাথমিক আলোচনা সভা (১০ই ডিসেম্বর ২০২৫, বুধবার, জীতুশোল, ঝাড়গ্রাম)

বিগত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রামের ছাগল পালকদের নিয়ে CLTS Foundation আয়োজিত একটি প্রাথমিক আলোচনা সভার আয়োজন করা হয় । এই সভার মূল উদ্দেশ্য ছিল ছাগল পালকদের সংগঠিত করে একটি কৃষি উৎপাদন সংস্থা (Farmer Producer Company – FPC) প্রতিষ্ঠা করার নানান বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা।

উক্ত আলোচনা সভায় মোট ৩৭ জন মহিলা এবং ১ জন পুরুষ ছাগল পালক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ঝাড়গ্রাম জেলার শালবনি, কয়েমা, শিরশী, কামারবান্ধি, আমলাচটি, বলদডুবা ও লাউরিয়া ধাম প্রভৃতি গ্রামের বাসিন্দা।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ছাগল পালকদের আর্থিক ও পেশাগত স্বার্থ রক্ষার জন্য একটি স্বতন্ত্র ছাগল পালন ও কৃষি উৎপাদক সংস্থা গঠন করা হবে, যা এই সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সভায় উপস্থিত সদস্যরা সকলে উক্ত সংস্থা গঠনের প্রয়জনীয়তার বিষয়ে একমত পোষণ করেন। পাশাপাশি ভবিষ্যতে নতুন সদস্য এবং অন্যান্য গ্রামগুলিকেও এই সংস্থায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও উৎপাদক সংস্থার পরিচালনের জন্য একটি পরিচালন সমিতি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত পরিচালক সমিতিতে প্রতিটি গ্রাম থেকে ন্যূনতম একজন করে প্রতিনিধি থাকবেন, যাকে গ্রামবাসীরাই পছন্দ করে দেবেন। এই পরিচালন সমিতির প্রধান দায়িত্ব হবে—

  • ছাগলপালকেরা উপকৃত হতে পারেন এমন অনুদান ও ভর্তুকি প্রকল্পসমূহ সম্পর্কে গ্রামবাসী/ছাগলপালকদের অবহিত করা।
  • গ্রামবাসী/ছাগলপালকদের মধ্যে প্রয়জনীয় তথ্য সরবরাহ করা, সাহায্য করা এবং তাদারকি করা।
  • CLTS Foundation-এর সহযোগিতায় নিয়মিত ছাগল পালন বিষয়ক শিবিরের আয়োজন করা।

সভায় আরও আলোচনা হয় ছাগল পালন বিষয়ে একটি অংশগ্রহণমূলক প্রশিক্ষণ শিবির আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে আয়োজন করা হবে। CLTS Foundation-এর উদ্যোগে এই শিবির আয়োজিত হবে। উপস্থিত সকলেই উক্ত প্রশিক্ষণ অংশগ্রহণের জন্য ইচ্ছা প্রকাশ করেন।

এই আলোচনা সভার শেষে উত্তম সর্দারের তরফে ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়। সকলেই আবার গভীর উৎসাহের সাথে এই কাজে অংশগ্রহণ করার নিমিত্তে  সম্মতি প্রদান করে আলোচনা সভা ত্যাগ করেন।